Monday, March 2nd, 2026, 4:36 pm

বিষাক্ত রঙে সেমাই, নীরব প্রশাসন—পীরগঞ্জে জনস্বাস্থ্য ঝুঁকি

 

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

রংপুরের পীরগঞ্জে আসন্ন মাহে রমজান ও ঈদকে সামনে রেখে অন্তত ৩০টি স্থানে অবৈধ সেমাই কারখানা গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এসব কারখানায় নোংরা পরিবেশে, অপরিচ্ছন্ন হাতে সেমাই তৈরি করা হচ্ছে। যেখানে সেমাই প্রস্তুত হয়, সেখানকার পরিবেশ এক গ্লাস পানি পান করারও অনুপযোগী বলে স্থানীয়দের অভিযোগ। আরও উদ্বেগজনক বিষয় হলো—প্রতিটি কারখানায় সেমাইকে আকর্ষণীয় করতে খাদ্যমানহীন ও সম্ভাব্য বিষাক্ত রঙ ব্যবহার করা হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ ধরনের রঙ নিয়মিত গ্রহণ করলে পেটের রোগ, লিভার ও কিডনির সমস্যা, এমনকি দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকিও তৈরি হতে পারে। এছাড়া পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা থেকেও সেমাই এনে বাজারজাত করা হচ্ছে বলে জানা গেছে। অথচ এ পর্যন্ত কোথাও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো অভিযান চোখে পড়েনি। এতে জনমনে তীব্র হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। সাধারণ মানুষ অবিলম্বে প্রতিটি সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, স্বাস্থ্যসম্মত মান যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে সরকারি বিধি অনুযায়ী জরিমানাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সেমাই তৈরিতে কী রঙ ব্যবহার হওয়া উচিত? খাদ্য নিরাপত্তা বিধি অনুযায়ী সেমাইয়ে কৃত্রিম রঙ ব্যবহার না করাই উত্তম। প্রয়োজনে সীমিত মাত্রায় অনুমোদিত ফুড গ্রেড কালার (যা BSTI অনুমোদিত) ব্যবহার করা যেতে পারে। তবে কাপড়ের রঙ, শিল্পকারখানার ডাই বা অজ্ঞাত রাসায়নিক রঙ সম্পূর্ণ নিষিদ্ধ—এগুলো মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে দ্রুত অভিযান ও নজরদারি বাড়ানো এখন সময়ের দাবি।