Friday, March 6th, 2026, 5:26 pm

দুবাই থেকে ৪০৫ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছাল ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইট

 

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ৪০৫ বাংলাদেশি যাত্রীকে নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের দ্বিতীয় বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছেছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইটটি অবতরণ করে। ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

এর আগে গত বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। পরে দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বৃহস্পতিবার সকালে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে আসে ফ্লাইটটি। ওই ফ্লাইটে ৩৭৮ জন যাত্রীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ক্রুও ছিলেন।

জানা গেছে, ৪৩৬ আসনের এয়ারবাস এ-৩৩০-৩০০ উড়োজাহাজে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট পরিচালিত হয়েছে।

মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইনস, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

বিশেষ করে যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এনএনবাংলা/