নেপালের সাধারণ নির্বাচনে ভোট গণনা চলাকালীন প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তরুণ প্রজন্মের সমর্থিত দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। গত বছরের সেপ্টেম্বরে গণঅভ্যুত্থানকে নেতৃত্ব দেওয়া এই দলটি এখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে।
নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, প্রাথমিক ভোট গণনায় সারা দেশে ৯৬টি আসনে এগিয়ে রয়েছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। অনানুষ্ঠানিকভাবে দলটি ইতিমধ্যেই একটি আসনে জয়ও নিশ্চিত করেছে।
রাজধানী কাঠমান্ডুর মেয়র এবং আরএসপির আলোচিত প্রার্থী বালেন শাহ নিজ আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। ফলে নির্বাচনে এখন পর্যন্ত প্রধান শক্তি হিসেবে অবস্থান করছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি।
অন্যদিকে প্রধান রাজনৈতিক দল নেপালি কংগ্রেস ১২টি আসনে এগিয়ে এবং একটি আসনে জয় পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-এর দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন–ইউএমএল) ৯টি আসনে এগিয়ে আছে। নেপালি কমিউনিস্ট পার্টির প্রার্থীরাও ৯টি আসনে এগিয়ে রয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি এবং শ্রম সংস্কৃতি পার্টি একটি করে আসনে এগিয়ে আছে।
গত বছরের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে হওয়া জেন-জি আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার ক্ষমতাচ্যুত হয়। পরে সুশীল কার্কি-এর নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং তাদের অধীনে বর্তমান নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এই নির্বাচনে ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট পদ্ধতিতে ১৬৫টি আসনের জন্য ৬৭টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এখনো ভোট গণনা চলমান রয়েছে।
প্রাথমিক ফলাফলের কিছু উল্লেখযোগ্য দিক:
ঝাপা-৫ আসন: রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রার্থী ৫,২৫৪ ভোট পেয়ে এগিয়ে, প্রতিদ্বন্দ্বী সিপিএন–ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা ওলি ১,২৪৮ ভোট এবং নেপালি কংগ্রেস প্রার্থী ১৮৫ ভোট পেয়েছেন।
রুকুম পূর্ব-১ আসন: সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচণ্ড ৪,৩৯৮ ভোট পেয়ে শক্ত অবস্থানে, নিকটতম প্রতিদ্বন্দ্বী কুসুম দেবি থাপা ১,২৬১ ভোটে আছে।
বিশ্লেষকদের মতে, প্রাথমিক ফলাফলের ধারা অব্যাহত থাকলে নেপালের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং গণঅভ্যুত্থান থেকে উঠে আসা শক্তিগুলোই নতুন সরকার গঠনে প্রধান ভূমিকা নিতে পারে।
এনএনবাংলা/


আরও পড়ুন
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’; নেতৃত্বে মাহফুজ আলম ও তাজনূভা জাবিন
ফিলিং স্টেশনে তেল কিনতে টাকা ছাড়াও আরও যা লাগবে
নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো যুদ্ধ বন্ধ হবে না: ট্রাম্প