অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং তাদের সন্তানদের মালিকানাধীন ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৮ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, নঈম নিজাম, ফরিদা ইয়াসমিন এবং সাবেক সম্পাদক ইমদাদুল হক মিলন–এর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে দুদকের তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। অনুসন্ধানের সময় দুদক জানতে পারে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
রাষ্ট্রের সম্ভাব্য ক্ষতি রোধ এবং সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালতে আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত।
জব্দ করা হিসাবগুলোর মধ্যে রয়েছে এবি ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার হিসাব। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, এসব হিসাবে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে।
এর মধ্যে নঈম নিজামের নামে সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখায় কোটি টাকার বেশি স্থায়ী আমানত (এমএসডি) ছাড়াও বড় অংকের ডিপিএস ও সঞ্চয়ী হিসাব রয়েছে। এছাড়া তাদের সন্তান মাহির আবরার ও নুজহাত পূর্ণতা–র নামে থাকা সঞ্চয়ী ও মেয়াদি আমানত হিসাবগুলোও আদালতের এই আদেশের আওতায় আনা হয়েছে।
শুনানিতে দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহমুদ তারিকুল ইসলাম বলেন, এসব হিসাব অবরুদ্ধ না করা হলে বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করা কঠিন হয়ে পড়বে। শুনানি শেষে আদালত এবি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ সংশ্লিষ্ট সাতটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের দ্রুত এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
লেবাননে ইসরাইলি হামলায় ৪১ জন নিহত
‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান