Tuesday, March 10th, 2026, 3:56 pm

কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্যের মাঝে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ নাহিদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা সমবায় অফিসার মোঃ আসাদুজ্জামান ভূইয়া, ফায়ার সার্ভিসের টীম, প্রশাসনের দপ্তর প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যকর্মীসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় উপস্থিত ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় করণীয় এবং জীবন রক্ষার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রশিক্ষন প্রদর্শন করা হয়।