Thursday, March 12th, 2026, 12:50 pm

সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল

 

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তাদের নির্বাচিত করা হয়।

সকাল ১১টা ৫ মিনিটে শুরু হওয়া অধিবেশনে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সংসদের নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করা হয়।

স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন প্রধান হুইপ নুরুল ইসলাম মনি এবং প্রস্তাবটি সমর্থন করেন হুইপ রাকিবুল ইসলাম। অন্য কোনো প্রার্থী না থাকায় কণ্ঠভোটে তিনি স্পিকার নির্বাচিত হন।

এরপর ডেপুটি স্পিকার পদে একমাত্র প্রার্থী হিসেবে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের নাম প্রস্তাব করেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার এবং প্রস্তাবটি সমর্থন করেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

নির্বাচন শেষে সংসদের কার্যক্রম ৩০ মিনিটের জন্য মুলতবি করা হয়।

পরে সংসদ ভবনে রাষ্ট্রপ্রধানের কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি প্রথমে হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার হিসেবে এবং পরে কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে শপথ পড়ান।

উল্লেখ্য, টানা ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি পানিসম্পদ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এনএনবাংলা/পিএইচ