Saturday, March 14th, 2026, 2:55 pm

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

 

মার্কিন বাহিনী যদি ইরানের খার্গ দ্বীপে অবস্থিত তেল অবকাঠামো ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে সক্রিয় সব মার্কিন তেল কোম্পানি এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ‘ছাইয়ের স্তূপে’ পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয়। দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ এবং তাসনিম নিউজ শনিবার ওই বিবৃতিটি প্রকাশ করেছে।

এর আগে শুক্রবার ইরানের বাণিজ্যিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে একটি অভিযান চালায় মার্কিন বিমান বাহিনী। তবে পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, যদি ইরান বা অন্য কোনো পক্ষ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও অবাধ চলাচলে বাধা সৃষ্টি করে, তাহলে তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্পের এই বার্তা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই আইআরজিসি মধ্যপ্রাচ্যে কার্যরত মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলোর বিরুদ্ধে হামলার হুমকি দেয়।

উল্লেখ্য, পারস্য উপসাগরে অবস্থিত খার্গ দ্বীপটি ইরানের উপকূল থেকে প্রায় ২৬ কিলোমিটার এবং হরমুজ প্রণালি থেকে প্রায় ৪৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। প্রায় ৫ বর্গমাইল আয়তনের এই দ্বীপকে ইরানের ‘অর্থনৈতিক মেরুদণ্ড’ এবং জ্বালানি বাণিজ্যের ‘প্রাণকেন্দ্র’ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল ও তরল গ্যাসের চালান এই দ্বীপ থেকেই বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।

সূত্র : বিবিসি

এনএনবাংলা/পিএইচ