Saturday, March 14th, 2026, 5:05 pm

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।

আজ শনিবার, জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন কার্য নির্বাহী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও বৈঠকে অংশগ্রহণ করেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির।

স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৈঠকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রমের সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অধিবেশন সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় শুরু হবে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সংক্রান্ত যেকোনো পরিবর্তনের ক্ষমতা স্পিকারের কাছে থাকবে।

এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন গ্রহণ করা হয়েছে। বিধি-৭১ অনুসারে মনোযোগ আকর্ষণের নোটিশ ২৭টি, এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ ৯৭টি প্রাপ্ত হয়েছে।

বৈঠকে সচিবিয় সহায়তা প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। সংসদ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/পিএইচ