বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আগামীকাল।শনিবার (১৪ মার্চ) মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল রবিবার সকাল ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। তার সঙ্গে যাবেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস।
জানা যায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শুক্রবার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, পরীক্ষার প্রতিবেদন সন্তোষজনক এসেছে।
এর বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। পরীক্ষার প্রতিবেদনে সমস্যার লক্ষণ দেখা গেলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (১৩ মার্চ) মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দুই দফায় তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। এছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান।
উল্লেখ্য, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার (১৩ মার্চ) থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। আগামীকাল সকালে তাকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলো।


আরও পড়ুন
হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা
যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি