Tuesday, April 14th, 2026, 7:37 pm

বর্ণিল আয়োজনে স্থপতি ইনস্টিটিউটের বর্ষবরণ

উদ্বোধনী অনুষ্ঠানে স্থপতি ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সদস্যরা।

 

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করেছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের প্রথমদিনে ‘এসো মাতি নতুনের আহ্বানে’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করে সংগঠনটি।

রাজধানীর আগারগাঁওয়ে স্থপতি ইনস্টিটিউট কার্যালয় (আইএবি সেন্টার) প্রাঙ্গনে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে গান, কবিতা, পুতুলনাচ, উপজাতি শিল্পীদের নৃত্য, জাদু প্রদর্শন-সহ নানা পরিবেশনা অন্তর্ভুক্ত ছিল।

গান পরিবেশন করছেন সরকারের প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া।

বেলা ১১টায় শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি অধ্যাপক ড. আবু সাইদ এম আহমেদ। এসময় সহসভাপতি (জাতীয় বিষয়াবলী) স্থপতি নওয়াজীশ মাহবুব, সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, সম্পাদক (পেশা) স্থপতি ওয়াহিদ আসিফ, সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি) স্থপতি কাজী শামীমা শারমীন, সম্পাদক (সেমিনার) স্থপতি সাইদা আক্তার-সহ অন্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলরুমে শুরু হয় বৈশাখী মেলা। ঢাকীদের একটি দল ঢাক বাজিয়ে পুরো মেলা প্রদক্ষিণ করে। পরে বেলা ১২টায় শুরু হয় শিশুদের চিত্রাঙ্কন উৎসব। চিত্রাঙ্কনের পাশাপাশি একপাশে চলতে থাকে মৃৎশিল্পের কর্মশালা।

অন্যদিকে টিয়া পাখির মাধ্যমে ‘ভাগ্য গণনা’ ও বায়োস্কোপ পরিবেশনাও উপভোগ করেন অংশগ্রহণকারী স্থপতি ও তাদের পরিবারের সদস্যরা।

শিশুদের চিত্রাঙ্কন উৎসব।

দুপুর ২টায় বাঙালিয়ানা ভোজের পর বিকাল ৩টায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়াসহ বুয়েটিয়ান গান আড্ডার সদস্যরা এতে সংগীত পরিবেশন করেন। এছাড়াও নৃত্য পরিবেশন করে উপজাতি শিল্পীদের দল কালারস অব হিলস। পুতুলনাচ প্রদর্শন করে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার। জাদু প্রদর্শন করেন বৈরাগী সুজন। আবৃত্তি করেন স্থপতি রাফি উদ্দিন মাহমুদ ও স্থপতি নায়না তাবাসসুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থপতি সৈয়দ তাওসিফ মোনাওয়ার ও স্থপতি সামিয়া শারমিন বিভা।

এরপর সান্ধ্যকালীন জলখাবারের মধ্য দিয়ে শেষ হয় পেশাজীবি সংগঠনটির বর্ষবরণের আয়োজন।

এনএনবাংলা/