বাংলা নববর্ষের ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন কুমিল্লায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের সবাই দিনাজপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (ভোর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট ১৩-১২০৯) ভোর তিনটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটির ওপর থাকা ১৩ জন যাত্রী দুর্ঘটনার সময় ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং আহত হন ছয়জন।
তিনি জানান, নিহতদের সকলেই দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), মো. আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫) এবং একই জেলার বিরামপুর উপজেলার ভাইগড় গ্রামের মো. পলাশের ছেলে সুমন (২১), বিষু (৩৫), মাজহারুল ইসলামের ছেলে আবুল হোসেন (৩০) ও রকিব উল্লার ছেলে আবদুর রশিদ (৫৫)।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন বলেন, চালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে দাউদকান্দি এলাকায় উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা সবাই ট্রাকটির উপরে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা ইতালির
মেশিন চালু রাখার তেলও শেষ, বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার
নিত্যপণ্যের বাজারে আগুন, শঙ্কা ও অনিশ্চয়তায় মধ্যবিত্তরা