পহেলা বৈশাখের ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের চিত্র দেখা গেছে। তেল পেতে চালকদের ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ছুটি উপলক্ষ্যে অনেক পাম্প বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন পরিস্থিতি দেখা যায়।
তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প এবং মাতুয়াইলের মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনসহ বেশ কয়েকটি পাম্পে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লাইন মহাখালী পর্যন্ত পৌঁছেছে এবং প্রাইভেট কারের লাইন নাখালপাড়া পর্যন্ত বিস্তৃত। তেল নিতে চালকদের কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালক শান্ত বলেন, মোটরসাইকেলের লাইন মহাখালী পর্যন্ত চলে গেছে। তেল নিতে অন্তত ৫-৬ ঘণ্টা সময় লাগছে। ছুটির কারণে অনেক পাম্প বন্ধ থাকায় খোলা পাম্পগুলোতে চাপ বেড়েছে।
আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। সেখানে লাইনে থাকা রানা নামের এক চালক জানান, সকাল থেকে তিন ঘণ্টা ধরে লাইনে আছেন, তেল পেতে আরও তিন ঘণ্টা সময় লাগতে পারে।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে রাজধানীর অনেক পেট্রোল পাম্প বন্ধ থাকায় চালু থাকা পাম্পগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
রাজধানীতে তেল বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে গত রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকার ৭টি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ ‘ফুয়েল পাস’ চালু করা হয়েছে।
এসব পাম্পে অ্যাপ ব্যবহারকারীরা সর্বোচ্চ ১ হাজার টাকার তেল নিতে পারছেন, আর অ্যাপ ছাড়া সর্বোচ্চ ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে।
এই সেবা চালু থাকা স্টেশনগুলোর মধ্যে রয়েছে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।
এনএনবাংলা/


আরও পড়ুন
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
বর্ণিল আয়োজনে স্থপতি ইনস্টিটিউটের বর্ষবরণ
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা ইতালির