বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের বিষয়ে দুদকসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানান, তদন্ত প্রতিবেদন ও সুপারিশ হাতে পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার।
সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস লিখিত প্রশ্নে উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে প্রশাসনে দলীয়করণের চরম দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জানতে চান, এই সময়ে কতজন বিসিএস ক্যাডারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কতজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং কতজন কর্মকর্তাকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে।
এছাড়া তিনি আরও প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ নিয়ে সরকার তদন্তপূর্বক কোনো পদক্ষেপ নেবে কি না।
জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিগত সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের বিষয়ে ইতোমধ্যে দুদকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত কার্যক্রম চালাচ্ছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী
দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল