জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত ফোর্স কমান্ডার ও হেডস অব মিলিটারি কম্পোনেন্টদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।
অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। এতে জাতিসংঘের শান্তিরক্ষাবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া, অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল অতুল খারে, অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সসহ বিভিন্ন দেশের ফোর্স কমান্ডার, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কূটনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জটিল ও চ্যালেঞ্জপূর্ণ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত ফোর্স কমান্ডার ও হেডস অব মিলিটারি কম্পোনেন্টদের দূরদর্শী নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এসব নেতাদের দক্ষ নেতৃত্বে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীরা দেশের জন্য গৌরব ও মর্যাদা বয়ে আনছে। একই সঙ্গে শান্তিরক্ষীদের নিরাপত্তা, পেশাদারিত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে তাদের অব্যাহত সহযোগিতা ও সহায়তার প্রশংসা করেন তিনি।
শান্তিরক্ষা কার্যক্রমে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত চৌধুরী বলেন, তাদের ত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের অবদান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী। উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে তিনি অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি, ঢাকায় হবে মহাসমাবেশ