যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি সরকারি কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে বলে সিএনএন জানিয়েছে। কর্মকর্তারা আরও জানান, আলোচনায় অংশ নিতে দুই দেশের প্রতিনিধিদল আগামীকাল রোববারের মধ্যেই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে ইসলামাবাদেই দুই দেশের মধ্যে দীর্ঘ প্রায় ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বিশেষ করে পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যে এখনও বড় ধরনের দূরত্ব রয়ে গেছে।
এদিকে ট্রাম্প জানিয়েছেন, আগামী বুধবারের মধ্যে কোনো সমঝোতা না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো নাও হতে পারে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধবিরতি বাড়ানো হবে কি না বা আবার হামলা শুরু করা হবে কি না—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
ট্রাম্প আরও বলেন, ‘সম্ভবত আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াব না। সে ক্ষেত্রে হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত থাকবে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।’
উল্লেখ্য, গত ১১ এপ্রিল (শনিবার) পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। টানা ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ফলে কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দেশে ফিরে যায় বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
আল জাজিরার খবরে বলা হয়, আলোচনার পর এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা প্রায় ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে—এটাই ইতিবাচক দিক। তবে এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে না পারাটাই হতাশার বিষয়।’
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু: ট্রাম্প
আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল