সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
এই ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন। শনিবার (১৮ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।
এ ছাড়া অভ্যর্থনা অনুষ্ঠানে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি এবং হাজিদের সেবায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু: ট্রাম্প
আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল