Wednesday, April 22nd, 2026, 6:17 pm

তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে

ফাইল ছবি

 

দীর্ঘ এক দশক পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়া সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।

এর আগে, পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম হাফিজুর রহমানকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করেন। পরে তাকে কুমিল্লা সদর আদালতে হাজির করা হয়।

মামলার অগ্রগতিতে গত ৬ এপ্রিল সপ্তম তদন্ত কর্মকর্তা আদালতে তিন সন্দেহভাজন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার অনুমতি চান।

আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে। মামলাটি পরিচালনায় ৪টি সংস্থার মোট ৭ জন তদন্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন।

এদিকে, বুধবার বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে উপস্থিত হন। বর্তমানে তনুর বাবা-মায়ের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএনবাংলা/