Sunday, April 26th, 2026, 4:13 pm

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

 

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম সন্দেহে ১ হাজার ৫৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যা একদিনে সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ১৪৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত, আর ১ হাজার ৪২১ জন সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে। একই সময়ে হাম ও হাম সন্দেহে ৮ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল।

রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হামে ৪৩ জন এবং হাম সন্দেহে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর হার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় হাম সন্দেহে ১০২ শিশু এবং নিশ্চিত হামে ২৮ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, একই সময়সীমায় ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ২৮ জন, এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩ জন।

এনএনবাংলা/পিএইচ