অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে আসেন এই নায়িকা। তবে নিজের অবস্থান পরিষ্কার করে পূজা জানিয়েছেন, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
ফেসবুকে দেওয়া এক পোস্টে পূজা চেরি বলেন, গত ১০–১২ বছর ধরে তিনি মিডিয়ায় কাজ করছেন এবং নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ নিজেই বহন করে আসছেন। বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও তিনি উল্লেখ করেন। এমনকি বর্তমানে তিনি কোনো প্রোডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত নন বলে জানান।
তিনি আরও বলেন, একজন শিল্পী হিসেবে সবসময় দর্শকদের ভালোবাসা ও সম্মানকে মূল্য দিয়েছেন। পরিবারের সদস্য হওয়ায় পরিস্থিতিটি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক হলেও এটি তার বাবার ব্যক্তিগত আইনি বিষয়। তিনি আশা প্রকাশ করেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে।
এ স্পর্শকাতর সময়ে তাকে বা তার কাজকে এ ঘটনার সঙ্গে না জড়ানোর জন্যও অনুরোধ জানান এই অভিনেত্রী। পাশাপাশি দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন কামনা করেন।
জানা গেছে, গত শনিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দেব প্রসাদ রায়ের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন ব্যবসায়ী মিজানুর রহমান। অভিযোগে বলা হয়, চলচ্চিত্র প্রযোজনার কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে ১৩ কোটি ২০ লাখ টাকার বেশি নেওয়া হয়, যা আর ফেরত দেওয়া হয়নি। পরদিন এ মামলায় গ্রেপ্তার হন দেব প্রসাদ রায়।
এদিকে, পূজা চেরি নিজেকে নির্দোষ দাবি করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে সমালোচনা থামছে না। বাবার পাশে না থাকার অভিযোগ তুলে কেউ কেউ তির্যক মন্তব্য করছেন, এমনকি টাকার কারণে বাবাকে অস্বীকার করছেন বলেও সমালোচনা করা হচ্ছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
বজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃত্যু
বিকেলেই নেমে এলো সন্ধ্যা, রাজধানীতে স্বস্তির বৃষ্টি
কলেজে জুতাপেটার ঘটনা; রাজশাহীর সেই শিক্ষিকাও বরখাস্ত