ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত প্রায় ২ লাখ ৪১ হাজার চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে রাজধানীর বাড্ডায় মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন রিকশা ও ভ্যান শ্রমিকরা। তবে পূর্বঘোষিত মানববন্ধনের পরিবর্তে একপর্যায়ে তারা সড়ক অবরোধে নামলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, শ্রমিকদের পক্ষ থেকে কেবল মানববন্ধনের কর্মসূচির কথা জানানো হয়েছিল, সড়ক অবরোধের কোনো পূর্ব ঘোষণা ছিল না। কিন্তু কর্মসূচি চলাকালেই বাড্ডা ফুজি টাওয়ারের সামনে প্রধান সড়ক অবরোধ করে দেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।
এই কর্মসূচির আয়োজন করে ঢাকা বৃহত্তর দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটির নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে চিকন চাকার ব্যাটারি রিকশা চলাচলের ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যা শ্রমিকদের জীবিকা নির্বাহে মারাত্মক বাধা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সড়ক অবরোধের কারণে ট্রাফিক গুলশান বিভাগ এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
বিকল্প সড়ক হিসেবে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড বা উত্তরা অভিমুখে যাত্রীদের বাড্ডা লিংক রোড থেকে বামে ঘুরে গুলশান-১ হয়ে গুলশান-২ দিয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরা থেকে আগত যানবাহনকে বাড্ডা রুট এড়িয়ে মহাখালী রুট ব্যবহার করার অনুরোধ জানানো হয়।
সড়ক অবরোধের ফলে বাড্ডা, রামপুরা ও আশপাশের এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ধীরগতির হয়ে পড়ে। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে