দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের অগ্রাধিকার কী— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “প্রায়োরিটি তো ট্যাক্স বাড়াতে হবে। ট্যাক্স বাড়ানোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। দেশি-বিদেশি ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আমাদের একটি অন্যতম কর্মসূচি কর্মসংস্থান। বিনিয়োগ হলে কর্মসংস্থান বাড়বে।”
তিনি জানান, আসন্ন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাত অগ্রাধিকার পাবে।
আজ বিকেল ৩টায় মন্ত্রী চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নির্ধারিত জমি সরেজমিনে পরিদর্শন করেন।
তিনি বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২-এর পশ্চিম পার্শ্বে অবস্থিত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনের উদ্দেশ্যে উপস্থিত হন। পরে পতেঙ্গায় হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণকৃত মোট ১৪ দশমিক ২১৯০ একর এবং ২ দশমিক ৭ একর জমি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।
এ সময় অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসক কার্যালয় এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিয়ে ভোলা ও সদস্য সরফরাজ কাদের রাসেল উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
১৭০ বছর পর ফের বন্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ইসরায়েল ছাড়তে চাইলে ‘আজই’ ছাড়ুন, দূতাবাস কর্মীদের রাষ্ট্রদূতের বার্তা
হত্যা মামলায় শেখ হাসিনা-কাদের-কামালসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট