February 28, 2026
Saturday, February 28th, 2026, 1:48 pm

ঈদযাত্রায় নৌপথে কোনো বাড়তি ভাড়া আদায় করা যাবে না: নৌপরিবহন মন্ত্রী

 

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

মন্ত্রী স্পষ্টভাবে জানান, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশ্বস্ত করে বলেন, সরকারের প্রস্তুতির কারণে এবারের ঈদযাত্রা আগের বছরের তুলনায় আরও স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।

পরিদর্শনের সময় নৌপথে চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন শেখ রবিউল আলম। তিনি বলেন, যাত্রাপথে চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের ভোগান্তি কমানো ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় নারায়ণগঞ্জের যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন প্রসঙ্গেও গুরুত্বারোপ করেন মন্ত্রী। শীতলক্ষ্যা নদীর দূষণরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইন প্রকল্প দ্রুত চালুর বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস দেন তিনি।

টার্মিনাল পরিদর্শনকালে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস না করায় একটি লাইটার জাহাজের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

তিনি আরও বলেন, পণ্য পরিবহন ও যাত্রীসেবায় শৃঙ্খলা বজায় রাখতে নৌপরিবহন মন্ত্রণালয় নিয়মিত তদারকি চালিয়ে যাবে। সরকারি নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

পরিদর্শনের সময় বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের কঠোর অবস্থানের ফলে এবারের ঈদে নৌপথে যাত্রী ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এনএনবাংলা/পিএইচ