February 28, 2026
Saturday, February 28th, 2026, 2:55 pm

ইসরায়েলের দিকে ইরানের পাল্টা মিসাইল নিক্ষেপ শুরু

 

ইরান পাল্টা হামলার উদ্দেশ্যে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে বলে জানিয়েছে ইস্রায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে উঠেছে।

আইডিএফ জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার জন্য সতর্ক করেছে। এক সতর্কবার্তায় বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী ইতিমধ্যেই হুমকি দূর করতে, প্রতিহত করতে এবং পাল্টা আক্রমণের প্রস্তুতি নিতে কাজ শুরু করেছে।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী শনিবার সকালে তেহরানসহ ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুতে রয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা, গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পারচিন সামরিক কমপ্লেক্স।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি ‘পূর্বনির্ধারিত হামলা’, যা ইসরায়েল রাষ্ট্রের প্রতি হুমকি দূর করার উদ্দেশ্যে চালানো হয়েছে।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এছাড়া স্থানীয় সংবাদমাধ্যমগুলো কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান ও কারাজ নগরীতেও হামলার খবর দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

এনএনবাংলা/পিএইচ