Sunday, March 1st, 2026, 7:10 pm

গণঅভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনায় তদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

 

চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনার স্বাধীন তদন্তের কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ওই আন্দোলনের নেতৃত্বদানকারীদের সুরক্ষা দিতে ইতিমধ্যেই অধ্যাদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে, জুলাই সনদে এ বিষয়ে নেওয়া সম্মিলিত সিদ্ধান্তের প্রতি সরকার অটল রয়েছে। রবিবার (১ মার্চ) সচিবালয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মাঠে ছিল। ভবিষ্যতে তারা আবার মাঠে থাকবে কি না—এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে আইনশৃঙ্খলার পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর ভবিষ্যৎ—চলবে কি না বা নাম পরিবর্তন হবে কি না—এ বিষয়ে মন্ত্রী জানান, বাস্তবতার ভিত্তিতে পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশনা ইতিমধ্যেই জারি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ করেন, ভারতীয় হাইকমিশনের হাইকমিশনার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে নিরাপত্তা, সীমান্ত হত্যা বন্ধ এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পাশাপাশি, পর্যায়ক্রমে পর্যটক ভিসা বৃদ্ধি করার পরিকল্পনাও চলছে।

সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ এবং একটি আদেশ উত্থাপন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, কোনটি গৃহীত হবে, কোনটি সংশোধিত হবে বা কোনটি বাতিল হবে—সেটি সংসদেই চূড়ান্তভাবে নির্ধারণ হবে।

ফায়ার সার্ভিসের প্রকল্প নিয়ে বৈঠকে তিনি বলেন, সাম্প্রতিক আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তিনি আরও জানান, কোনও উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনবিহীন থাকবে না এবং নতুন নিয়োগও দেওয়া হবে। বৈঠকে অতীতের দুর্নীতির অভিযোগের বিষয়টিও উঠে এসেছে।

এনএনবাংলা/পিএইচ