যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে কূটনৈতিক তৎপরতা জোরদারের অংশ হিসেবে চার দিনের সফরে সৌদি আরব, কাতার ও তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরব ও কাতার সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই অনুষ্ঠিত হবে। অন্যদিকে, তুরস্ক সফরকালে তিনি আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম-এ অংশ নেবেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোরামের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর শুরু হওয়া যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে গত সপ্তাহে ইসলামাবাদ-এ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসে ওয়াশিংটন ও তেহরান। ওই সংঘাত মধ্যপ্রাচ্যকে একটি গভীর সংকটের মধ্যে ফেলেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরান সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্যবস্তু করেছে এবং অঞ্চলটি থেকে জ্বালানি রপ্তানিও বন্ধ করে দিয়েছে।
তবে ইসলামাবাদের সেই বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। পরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চলতি সপ্তাহেই পাকিস্তানের রাজধানীতে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হতে পারে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলেও আগামী সপ্তাহ পর্যন্ত দুই দেশের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আরেক বিবৃতিতে জানানো হয়েছে, এ সফরে শেহবাজ শরিফের সঙ্গে রয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অন্যতম মধ্যস্থতাকারী হিসেবেও ভূমিকা রাখছেন ইশহাক দার।
এদিকে পাকিস্তান ও সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্কের ধারাবাহিকতায় দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে পাকিস্তানকে ৩০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া সৌদি আরবের দেওয়া ৫০০ কোটি ডলারের আমানতের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে ঋণ ফেরতের ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই রিয়াদের পক্ষ থেকে এই সহায়তার ঘোষণা আসে।
সূত্র: এএফপি।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার
দেশে আসছে আরও ১৬ কার্গো এলএনজি
বাংলায় বাবরি মসজিদ হতে দেব না: অমিত শাহ