জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ বুধবার সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ভাড়া নির্ধারণের বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি পর্যালোচনার প্রক্রিয়া চলমান রয়েছে এবং আশা করা হচ্ছে আগামীকালই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
এর আগে, গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে ১৯ এপ্রিল রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-তে ভাড়া পুনর্নির্ধারণ কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠকের তিন দিন পেরিয়ে গেলেও এখনো ভাড়া সমন্বয় করে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
এদিকে, বিআরটিএ সূত্র জানিয়েছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত বৈঠকের পর এই হার কিছুটা কম-বেশি করে নির্ধারণ করা হতে পারে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে
‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা