জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম নাটকীয়ভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার নজরদারি বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে— এমনটি নয়। তিনি জানান, বর্তমানে বৈশ্বিক বাজারে রপ্তানির ক্ষেত্রে একটি মৃদু ধীরগতি রয়েছে, যা রপ্তানি কমার অন্যতম বড় নিয়ামক হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনের পর অগ্রাধিকার ভিত্তিতে ব্যক্তিখাতের শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল-ইনটেনসিভ কারখানার পরিবর্তে কম জ্বালানিনির্ভর (লেস ফুয়েল ইনটেনসিভ) কারখানা স্থাপনের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি পুনরায় উল্লেখ করেন, জ্বালানির দাম বাড়লেও বাসভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই।
বিটিএমসির শিল্প প্লট প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিল্প প্লটগুলোর মধ্যে ইতোমধ্যে দুটি প্লটে শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও দুটি প্লট একই প্রতিষ্ঠান নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। অবশিষ্ট প্লটগুলোতে কিছু স্থানীয় দখলসংক্রান্ত সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করে প্রতিটি শিল্প প্লটে বিনিয়োগের সুযোগ তৈরি করা হবে বলে জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) বিটিএমসি কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং বর্ণালি কালেকশন অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু
জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল