প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানা বিএনপির বর্তমান সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়। আবেদন শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বিপুল ভোটে মির্জা আব্বাসের কাছে পরাজিত হন। নির্বাচনের সময় থেকেই তিনি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নির্বাচনে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে তিনি আরও বেশি করে মিথ্যা ও মানহানিকর মন্তব্য এবং হুমকি দিতে থাকেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৫ মার্চ বাদী ফেসবুকে দেখতে পান যে নাসীরুদ্দীন পাটওয়ারীর মানহানিকর বক্তব্য কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি মির্জা আব্বাসকে ‘বাংলাদেশ ক্রিমিনাল র্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ বলে মন্তব্য করেন, যা বাদীপক্ষের দাবি অনুযায়ী অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়।
মামলায় বলা হয়েছে, এসব বক্তব্য ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় মির্জা আব্বাসের সম্মানহানি ঘটছে। একই সঙ্গে অভিযোগ করা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে বারবার মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করে বাদী ও মির্জা আব্বাসের সুনাম এবং রাজনৈতিক ক্যারিয়ার ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে, যা সামাজিক শিষ্টাচার ও সভ্যতার রীতিনীতির পরিপন্থী।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে