Sunday, March 8th, 2026, 2:07 pm

নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়: রাষ্ট্রপতি

 

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। নারীর অধিকার নিশ্চিত করতে সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং তরুণ প্রজন্মকে সমতা ও ন্যায়ের মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণ করেছে। এই উদ্যোগ পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং নারীর অর্থনৈতিক শক্তি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনাও হাতে নিয়েছে।

এদিনের অনুষ্ঠানে ‘অদম্য নারী পুরস্কার’-এ ভূষিত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতির কাছ থেকে তার পক্ষে মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একই অনুষ্ঠানে দেশের ৮ বিভাগ থেকে মনোনীত ৩৯ জন নারীর মধ্য থেকে পাঁচজনকে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব নারী শক্তিকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে। নারী দিবস উপলক্ষে তিনি সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের আদর্শে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন বেগম খালেদা জিয়া, যার ধারাবাহিকতায় কাজ করছেন তারেক রহমান। তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক দর্শনের ভিত্তিতেই বর্তমান সরকার কাজ করছে।

নারী দিবসের আলোচনা সভা ও ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক নারী অংশগ্রহণ করেন।

এনএনবাংলা/পিএইচ