সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট এবং এ বিষয়ে কোনো দ্বিধা নেই।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, “সংবাদপত্রের স্বাধীনতার প্রতি আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে।”
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন নোয়াব সদস্যরা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, সংবাদপত্র মালিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী এবং এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত পত্রিকা পড়েন ও টেলিভিশন দেখেন এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে গুরুত্ব দেন। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশনাও প্রদান করেন।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নোয়াব সদস্যদের সঙ্গে এটিই তার প্রথম বৈঠক। দুপুর ২টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠকটি বিকেল সাড়ে ৩টায় শেষ হয়। পরে নোয়াব সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী এবং গ্রুপ ছবিতে অংশগ্রহণ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া নোয়াবের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ আলতামাশ কবির, সদস্য এ কে আজাদ, মতিউর রহমান, মাহফুজ আনাম, এএমএম বাহাউদ্দীন, দেওয়ান হানিফ মাহমুদ, মোজাম্মেল হক, ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং নাসিম মনজুর বৈঠকে উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
ট্রাম্পের পোস্টেই কমছে, বাড়ছে, দুলছে তেলের বাজার
এস আলম গ্রুপের সঙ্গে সমঝোতার অভিযোগ নাকচ করলেন অর্থমন্ত্রী
মধ্যপ্রাচ্যের ১৮ দেশে পোশাক রপ্তানি বন্ধ