নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। ফজরের নামাজের পর স্থানীয় এক বৃদ্ধা তাদের ঘরের দরজা খোলা দেখতে পান। সন্দেহ হলে তিনি ঘরের ভেতরে এগিয়ে গিয়ে হাবিবুর রহমান, তার স্ত্রী, ছেলে ও মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং থানায় খবর দেয়।
খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন: ট্রাম্প
ফের পুলিশের পোশাক পরিবর্তনের প্রস্তাব, আসছে নতুন নকশা
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা