ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেওয়া দুই প্রার্থীর প্রস্তাবক ও সমর্থকের নাম ও স্বাক্ষর না থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে এ সিদ্ধান্ত জানানো হয়। এর মধ্য দিয়ে দুদিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মইন উদ্দীন খানের নেতৃত্বে বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সরকারি রিটার্নিং কর্মকর্তা মনির হোসেনসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেষ দিনে বিএনপি ও স্বতন্ত্র জোটের প্রার্থীদের মনোনয়ন যাচাই করা হয়। এতে এই দুই জোটের মোট ৩৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে প্রস্তাবক ও সমর্থকের নাম ও স্বাক্ষর অনুপস্থিত থাকায় মোসাম্মৎ মেহেরুন নেছা ও শাহিনা আক্তার নামে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
বিএনপির বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
স্বতন্ত্র জোটের পক্ষে ছাত্রদলের সাবেক (শ্রাবণ-জুয়েল কমিটির) সহ-সভাপতি সুলতানা জেসমিন জুঁই মনোনয়নপত্র জমা দেন এবং বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এর আগে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে বিএনপির পরিচয়ে মনোনয়ন জমা দেওয়া মাহবুবা রহমান পরবর্তীতে তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।
বুধবার থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মনোনয়ন যাচাই করা হয়। এর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত রাখা হয়। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
নারী আসন: মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল
১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে থার্ড টার্মিনাল উদ্বোধন : প্রতিমন্ত্রী
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর