জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, বিএনপি সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগের পথেই দেশকে এগিয়ে নিচ্ছে।
তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে নতুন করে দলীয়করণ করছে বিএনপি। এতে তারা কার্যত আওয়ামী লীগের পুরোনো পথই অনুসরণ করছে। যদি বিএনপি এই ধারা অব্যাহত রাখে এবং দেশকে অতীতের স্বৈরাচারী পথে নিতে চায়, তাহলে জনগণ আবারও তা প্রতিহত করবে।”
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের’ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ পরিবর্তনের একটি স্বপ্ন দেখেছিল। তারা প্রতিজ্ঞা করেছিল, দেশে আর কোনো স্বৈরতন্ত্রকে ফিরতে দেওয়া হবে না। সেই লক্ষ্য থেকেই সংস্কার কার্যক্রম শুরু হয়।”
তিনি আরও দাবি করেন, “৫ আগস্টের পর থেকে বিএনপি ধারাবাহিকভাবে সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে আসছে। পরে তারা বাধ্য হয়ে ঐক্যমত কমিশনে অংশ নিলেও গুরুত্বপূর্ণ সব সংস্কারের ক্ষেত্রে আপত্তি জানিয়ে নোট দিয়েছে।”
এনসিপির আহ্বায়ক বলেন, “সবশেষে রাজনৈতিক বাস্তবতার কারণে তারা গণভোটে সম্মতি দিলেও নির্বাচনের পরপরই সেটিকে অস্বীকার করতে শুরু করেছে। যে বিএনপি একসময় গণভোটের মাধ্যমে জন্ম নিয়েছিল, তারাই আজ গণভোটের ধারণাকেই অস্বীকার করছে। এতে তারা নিজেদের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করছে।”
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচি দিচ্ছে। তবে এসব উদ্যোগের মধ্যেও অর্থনৈতিক ও বাস্তব সংকট আড়াল করা যাচ্ছে না।
নাহিদ ইসলাম বলেন, “বর্তমান সরকার বাস্তব অর্থনৈতিক সংকট এবং আইনশৃঙ্খলার অবনতিকে অস্বীকার করছে। সংসদে জ্বালানি সংকট নেই বলা হলেও বাস্তবে জনগণ ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।”
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ ইরানের, ইসলামাবাদে পরোক্ষ আলোচনার ইঙ্গিত
নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী