জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর রাজধানীতে বাসভাড়া পুনর্নির্ধারণের প্রজ্ঞাপন জারি হলেও এখনও পুরোনো ভাড়াই নিচ্ছে ঢাকার ডিজেলচালিত বাস ও মিনিবাস।
বাসচালক ও কন্ডাক্টরদের দাবি, নতুন ভাড়ার চার্ট এখনও তাদের হাতে পৌঁছেনি। চার্ট হাতে পেলেই তারা নতুন ভাড়া কার্যকর করবেন বলে জানান।
সরেজমিনে দেখা যায়, শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মিরপুর-১০ নম্বর চত্বর থেকে ডিজেলচালিত অছিম পরিবহনে ওঠেন দেলোয়ার নামের এক যাত্রী। তিনি নতুনবাজারে নেমে আগের মতোই ৩০ টাকা ভাড়া পরিশোধ করেন। এ সময় কন্ডাক্টরের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করা হয়নি।
একইভাবে নতুনবাজার থেকে রাজধানী পরিবহনের একটি বাসে করে ইসিবি চত্বরে নামেন আরেক যাত্রী। সেখানেও তিনি ১০ টাকা পুরোনো ভাড়াই দেন এবং কন্ডাক্টর অতিরিক্ত কোনো ভাড়া দাবি করেননি।
অছিম পরিবহনের চালক সুমন বলেন, এখনও ভাড়া বৃদ্ধি কার্যকর হয়নি। সরকার থেকে নতুন ভাড়ার চার্ট দেওয়া হবে, সেটি হাতে না পাওয়া পর্যন্ত ভাড়া বাড়ানো সম্ভব নয়। তিনি আরও জানান, তেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়লেও তারা এখনো পুরোনো ভাড়াই নিচ্ছেন।
মিরপুর-১২ নম্বর থেকে বিকল্প পরিবহনে যাত্রাবাড়ী যাচ্ছিলেন বাইজিদ সরদার। তিনি জানান, নতুন ভাড়া নয়, আগের ভাড়াতেই যাত্রা করছেন।
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহাম্মেদ খোকন বলেন, তারা ইতোমধ্যে বিআরটিএ থেকে নতুন ভাড়ার চার্ট সংগ্রহ করেছেন। শনিবার ঢাকার বিভিন্ন গণপরিবহনে তা সরবরাহ করা হয়েছে এবং রোববার (২৬ এপ্রিল) থেকে নতুন ভাড়া কার্যকর হবে। প্রতিটি গাড়িতে নতুন চার্ট টাঙানো থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের নির্ধারিত ভাড়ার বাইরে এক পয়সাও বেশি নেওয়া হবে না। শ্রমিকরা যেন সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেন, সে বিষয়েও তারা সতর্ক থাকবেন।
গণপরিবহন সংশ্লিষ্টরা জানান, তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া সমন্বয় করা প্রয়োজন হয়েছে। চার্টে যে ভাড়া নির্ধারণ করা থাকবে, সেটিই অনুসরণ করা হবে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তঃজেলা রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি করা হয়। নতুন নির্ধারিত হারে মহানগরে প্রতি কিলোমিটার ভাড়া দুই টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে দুই টাকা ৫৩ পয়সা। আর আন্তঃজেলা বাসে ভাড়া দুই টাকা ১২ পয়সা থেকে বেড়ে দুই টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ ইরানের, ইসলামাবাদে পরোক্ষ আলোচনার ইঙ্গিত