ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন বাহিনীর পারফরম্যান্সে দশে ১৫ নম্বর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ মার্চ) হোয়াইট হাউসে প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্পের দাবি, ইরানের নেতৃত্ব দ্রুত বিলুপ্ত হচ্ছে এবং তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারও ধ্বংসের পথে রয়েছে।
গত শনিবার শুরু হওয়া এই যুদ্ধ বুধবার পঞ্চম দিনে প্রবেশ করেছে। ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার খবর এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় নতুন বিস্ফোরণের ঘটনার মাঝেই ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যুদ্ধের ফ্রন্টে আমরা বেশ ভালো করছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল ১০-এর স্কেলে আমি কত দেব, আমি বলেছি ১৫।’
ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমরা এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছি এবং তাদের নেতৃত্ব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। যে-ই নেতা হতে চাচ্ছে, তাকেই মরতে হচ্ছে।’
তিনি আরও দাবি করেন, তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া’ হচ্ছে।
ইরানে হামলার পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, ‘তেহরান পারমাণবিক অস্ত্র পাওয়ার পথে ছিল। যখন পাগল মানুষের হাতে পারমাণবিক অস্ত্র থাকে, তখন খারাপ কিছু ঘটে। আমরা তাদের আটকে দিয়েছি।’
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার সময় নতুন কোনো যুদ্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু ইরানের সঙ্গে এই যুদ্ধ শুরু করায় বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে।
তবে যুদ্ধ-পরবর্তী ইরানের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আলোচনা করছেন। তবে তেহরানে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তন চান কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু বলা হয়নি।
এদিকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার খবর ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিলেও কুর্দি নেতাদের সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
লেভিট আরও জানান, পেন্টাগনের ভাষ্য অনুযায়ী আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইরান ও এর আশপাশের আকাশসীমায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘পূর্ণ আধিপত্য’ প্রতিষ্ঠিত হতে পারে।
এনএনবাংলা/


আরও পড়ুন
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১২৩১
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ সরকারি প্রতিনিধি
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর