জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের জন্য জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
রিটে আরও বলা হয়, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় জনগণের জীবনের জন্য ব্যাপক হুমকি সৃষ্টি হয়েছে। এসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে যাওয়ায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে।
ফলশ্রুতিতে সংবিধানের মৌলিক অধিকার ৩২ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জনগণের জীবন রক্ষায় এই রিট আবেদন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এনএনবাংলা/


আরও পড়ুন
ট্রাম্পের পোস্টেই কমছে, বাড়ছে, দুলছে তেলের বাজার
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী
এস আলম গ্রুপের সঙ্গে সমঝোতার অভিযোগ নাকচ করলেন অর্থমন্ত্রী