প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে বিদায় ও প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত থাকার রাষ্ট্রাচার সীমিত করে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে বা বিদেশ থেকে দেশে ফিরলে বিমানবন্দরে কেবল চারজন সরকারি প্রতিনিধি উপস্থিত থাকবেন।
তারা হলেন—
- মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী
- জাতীয় সংসদের চিফ হুইপ
- মন্ত্রিপরিষদ সচিব
- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
বৃহস্পতিবার জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ সালের ২৮ আগস্ট জারি করা রাষ্ট্রাচার সংক্রান্ত আগের নির্দেশনা বাতিল করে নতুন এই বিধান কার্যকর করা হয়েছে।
বিদেশ যাত্রা ও বিদেশ থেকে দেশে ফেরার সময় অনুসরণীয় রাষ্ট্রাচার সংক্রান্ত পূর্বের নির্দেশনায় প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান বিমানবন্দরে এলে উপস্থিত থাকার তালিকা ছিল তুলনামূলকভাবে দীর্ঘ।
সেই তালিকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী চিফ হুইপ, ডিপ্লোম্যাটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, মন্ত্রিপরিষদ সচিব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, পুলিশের মহাপরিদর্শক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালকসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।
এ ছাড়া প্রয়োজনে আরও কিছু সরকারি কর্মকর্তাকেও উপস্থিত থাকার তালিকায় রাখা হয়েছিল। নতুন নির্দেশনার মাধ্যমে সেই দীর্ঘ তালিকা বাদ দিয়ে রাষ্ট্রাচারকে সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
ট্রাম্পের পোস্টেই কমছে, বাড়ছে, দুলছে তেলের বাজার
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী
এস আলম গ্রুপের সঙ্গে সমঝোতার অভিযোগ নাকচ করলেন অর্থমন্ত্রী