ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১,২৩১ জনে দাঁড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব শহরে একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ৭ থেকে ১২ বছর বয়সী।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা জানায়, ‘শনিবার থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজ (০৫ মার্চ) পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১,২৩১ জনে পৌঁছেছে।’
এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, কমপক্ষে ৬,১৮৬ জন আহত হয়েছেন। বর্তমানে ২,০৫৪ জন হাসপাতালে ভর্তি আছেন, ৩,৫৪৫ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন এবং ৫৫২ জন প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।
শনিবার সকাল থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরানসহ ছয়টি শহরে আকস্মিক হামলা চালায়। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৯ জন ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ শহরে নিহত হয়েছেন।
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলায় ৬ জন মার্কিন সামরিক সদস্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। এছাড়া পৃথক হামলায় দুই কুয়েতি সেনাসহ চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলার ফলে তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালের নাগরিক। আরও ৭৮ জন আহত হয়েছেন। এছাড়া ওমান উপকূলের কাছে একটি ট্যাংকারে একজন নিহত হয়েছেন এবং বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ সরকারি প্রতিনিধি
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হাইকোর্টের রুল