বিএনপি সংসদের ‘খারাপ সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসতে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মশালায় সংসদ সদস্যদের সঙ্গে সংবিধান, রুলস অব প্রসিডিউর, সংসদের কাস্টমস ও কনভেনশনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যেসব দেশে শক্তিশালী গণতন্ত্রের চর্চা রয়েছে, সেসব দেশের সংসদীয় কার্যক্রম ও প্রথা সম্পর্কেও তাদের ধারণা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে সংসদের অধিবেশন দেখে দেশবাসী আশ্বস্ত হবে এবং বলবে— এমন সংসদই তারা দেখতে চেয়েছিল। অতীতে সংসদে যে নেতিবাচক সংস্কৃতি তৈরি হয়েছিল, তা মানুষের মন থেকে মুছে দিতে চায় বিএনপি।
নতুন সংসদ সদস্যদের প্রসঙ্গে তিনি বলেন, যারা প্রথমবার নির্বাচিত হয়েছেন তারা নতুনভাবে যাত্রা শুরু করবেন এবং ভালোভাবে শিখবেন। তাদের মধ্যে যদি কোনো খারাপ সংস্কৃতি না থাকে, তাহলে তারা ইতিবাচক শিক্ষা নিতে পারবেন। একটি শিশুর মতো, যে জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে— ঠিক তেমনভাবেই নবীন সংসদ সদস্যদের প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে।
জনপ্রত্যাশা পূরণে নতুন সংসদ সদস্যদের দক্ষ করে তুলতেই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের জন্য সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচরণবিধি নিয়ে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। কর্মশালার শেষ দিনের সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন।
বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান এবং সাবেক সংসদ সদস্যরা অংশ নিয়ে এমপিদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান
ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী
জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে: জ্বালানিমন্ত্রী