ইরানে ক্রমবর্ধমান যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ানোর পর মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বকে অস্থির করে রাখা এ সংঘাত কবে, কীভাবে থামবে তা নিয়ে অনিশ্চয়তা আরও তীব্র হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, কিনি কেবল তেহরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণই’ মেনে নেবেন; এদিকে ইসরায়েলও ইরান ও লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।
কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে—শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এ কথা অল্প সময়ের জন্য হলেও গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাতের কূটনৈতিক সমাধানের আশা সৃষ্টি করেছিল। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই ট্রাম্প তাতে পানি ঢেলে দেন।
“নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। এরপর, মহান ও গ্রহণযোগ্য নেতা বা নেতারা নির্বাচিত হলে, আমরা এবং আমাদের অনেক অসাধারণ ও খুব সাহসী মিত্র ও অংশীদাররা, ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফেরাতে ক্লান্তিহীনভাবে কাজ করবো, তাকে আগের যে কোনো সময়ের তুলনায় অর্থনৈতিকভাবে বড়, সেরা ও শক্তিশালী করে তুলবো,” ট্রুথ সোশালে শুক্রবার ট্রাম্প এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন এ প্রেসিডেন্ট অবশ্য যুদ্ধ শুরুর পর থেকে বারবারই লক্ষ্য বদলেছেন, এবং অঞ্চলজুড়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কাও সৃষ্টি করেছেন, যা এরই মধ্যে ইরানের সীমান্ত পেরিয়ে আশপাশে এমনকি ভারত মহাসাগরেও পৌঁছে গেছে; তার এ যুদ্ধ বিশ্বজুড়ে শেয়ারবাজারে অস্থিরতা সৃষ্টি করেছে, বাড়াচ্ছে তেলের দাম।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের পাল্টায় ইরানও ইসরায়েলের বিভিন্ন শহর ও মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে।
শুক্রবারও ইসরায়েলের ভেতরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে; তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র, ড্রোন মোকাবেলায় বেশ সক্রিয়ও ছিল। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও সৌদি আরবও নতুন হামলার খবর দিয়েছে।
তেল আবিব এ যুদ্ধকে বাড়িয়ে লেবাননেও ঢুকে পড়েছে, তারা দিন রাত বৈরুতে বোমাবর্ষণ করে যাচ্ছে। শুক্রবার নজিরবিহীনভাবে শহরটির পুরো দক্ষিণাঞ্চল থেকে লোকজনকে সরে যাওয়ারও নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
ইরানেও নতুন হামলা চালিয়েছে তারা। ৫০টি যুদ্ধবিমান প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির তেহরানের কম্পাউন্ডের নিচে থাকা বাংকারে হামলা চালিয়েছে বলে দাবি তাদের। খামেনি না থাকলেও ইরানের নেতারা ওই বাংকারটি ব্যবহার করছিল, ভাষ্য তেল আবিবের।
শনিবার ভোরের আগে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরেও হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম। এরপর ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা লাখো ইসরায়েলিকে বাংকারে আশ্রয় নিতে বাধ্য করে।
ইসরায়েলকে এখন ইরানে হামলার পাশাপাশি লেবানন থেকে হিজবুল্লাহ নির্মূলেও ব্যাপক মনোযোগ দিতে হচ্ছে। ইরানঘনিষ্ঠ এ শিয়া সশস্ত্রগোষ্ঠীটি ১৯৮০-র দশক থেকেই লেবাননের রাজনীতিতে খুবই প্রভাবশালী। তারা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ক’দিন আগেই ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
“আমরা এখানে রাস্তায় ঘুমাচ্ছি, কেউ গাড়িতে, কেউ রাস্তায়, কেউ সৈকতে,” বলেছেন বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে আসা ৪৩ বছর বয়সী জামাল সাইফেদ্দিন।
গত চারদিনে লেবাননের অন্তত ৩ লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে বলে জানিয়েছে নরওয়ের রিফিউজি কাউন্সিল।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা যুদ্ধের প্রথম সপ্তাহেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনার ৮০ শতাংশ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্রের ৬০ শতাংশের বেশি ধ্বংস করে দিয়েছে।
শেয়ারবাজারে ধাক্কা
ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করার পর যুদ্ধ সহসা শেষ হচ্ছে না বুঝতে পেরে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজারগুলোতে বড় পতন দেখা গেছে।
জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় তেলের দামও ক্রমাগত বাড়ছে। এরই মধ্যে এটি কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছে গেছে।
বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানে খামেনির উত্তরসূরি নির্বাচনে তাকেও ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির সর্বোচ্চ নেতা খামেনি শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হন।
৯ কোটিরও বেশি জনসংখ্যার দেশটির ওপর নিজের ক্ষমতার জোর দেখাতে মার্কিন প্রেসিডেন্ট শুক্রবারও ইরানের নেতা নির্বাচনে ভূমিকা রাখার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন।
এর প্রত্যুত্তরে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি সাংবাদিকদের বলেন, তারা ‘কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ ছাড়াই সাংবিধানিক প্রক্রিয়া ও জনগণের পছন্দ অনুযায়ী’ নতুন নেতা বেছে নেবেন।
তবে ইসরায়েল বলছে, তাদের লক্ষ্য হচ্ছে ইরানের পুরো ক্ষমতা কাঠামোকেই উপড়ে ফেলা। যুদ্ধের সুযোগ কাজে লাগিয়ে ইরানি কুর্দি বিদ্রোহীরা যেন সীমান্তের কিছু শহরের দখল নিতে পারে তা নিশ্চিতে ইসরায়েল পশ্চিম ইরানের কিছু এলাকায় একের পর এক বোমাবর্ষণও করেছে বলে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলের কথাবার্তা বিষয়ে অবগত তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
ইরান তাদের ওপর হামলাকে ‘বিনা উসকানিতে আক্রমণ’ হিসেবে দেখছে। খামেনি খুনের প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেছে তারা।
নিহত ছাড়িয়েছে হাজার
শুক্রবার ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ‘কয়েকটি দেশ মধ্যস্থতা প্রচেষ্টা শুরু করেছে’ জানালেও দেশগুলোর নাম বলেননি।
এদিকে গোয়েন্দা তথ্য সম্বন্ধে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, মার্কিন বাহিনীর অবস্থান শনাক্তে তেহরানের সক্ষমতা কমে আসার পর রাশিয়া ইরানকে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থানের তথ্য দিচ্ছে।
এ প্রতিবেদন নিয়ে মন্তব্যের জন্য যুক্তরাষ্ট্রে থাকা রুশ মিশনের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি।
শুক্রবার ট্রাম্প অস্ত্রনির্মাতা তিন কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠক করে অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বাড়ানোর তাগাদা দিয়েছেন। ইরান ও অন্যত্র যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের কারণে মজুদ কমে যাওয়ায় এ তাগাদা দেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরান অভিযান শেষ করতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে, সে পর্যন্ত অভিযান চালাতে মার্কিন বাহিনীর কাছে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র রয়েছে।
ফেব্রুয়ারির শেষদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরুর পর এ পর্যন্ত ইরানে অন্তত এক হাজার ৩৩২ জন নিহত হয়েছে বলে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে ইরাভানি জানিয়েছেন।
ইসরায়েলি হামলায় ১২৩ জন নিহত ও ৬৮৩ জন আহত হওয়ার খবর দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল এখন পর্যন্ত ইরানের হামলায় তাদের ১১ জন মারা গেছে বলে স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রও বলেছে, অভিযানে এখন পর্যন্ত তাদের মাত্র ছয় সেনা নিহত হয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান
ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী
জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে: জ্বালানিমন্ত্রী