রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার বিভিন্ন রুটে বাস চলাচল কমে গেছে জ্বালানি সংকটের কারণে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ফিলিং স্টেশন থেকে চাহিদামতো জ্বালানি না পাওয়ায় অনেক বাসের ট্রিপ কমাতে বাধ্য হচ্ছেন তারা। এতে করে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ফলে আসন্ন ঈদযাত্রা নিয়ে ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বিভিন্ন রুটে স্বাভাবিক সময়ের তুলনায় কম বাস ছেড়েছে। পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি, জ্বালানি সংকটের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
তাদের মতে, দূরপাল্লার একটি বাস চলাচলের জন্য ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত জ্বালানি প্রয়োজন। তবে সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী তেল পাওয়ার কথা থাকলেও ফিলিং স্টেশনগুলো থেকে সেই পরিমাণ জ্বালানি দেওয়া হচ্ছে না।
একজন পরিবহনকর্মী জানান, অনেক পাম্পে ২০ লিটারের বেশি জ্বালানি দেওয়া হচ্ছে না। এতে বিশেষ করে রংপুর সহ উত্তরাঞ্চলের দূরপাল্লার বাসগুলো ঠিকমতো চলাচল করতে পারছে না।
জ্বালানি সংকটের কারণে বাসের ট্রিপ কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন চালকেরাও। এক চালক জানান, আগে প্রতিদিন দুটি করে ট্রিপ দেওয়া হলেও এখন তেলের অভাবে একটি ট্রিপেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে।
পরিবহন সংশ্লিষ্টদের মতে, ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে হলে পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। এ জন্য মালিক-শ্রমিকদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রাহমান শিমুল বিশ্বাস বলেছেন, ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কালোবাজারি, চাঁদাবাজি বা অন্য কোনো অব্যবস্থাপনা কঠোরভাবে দমন করা হবে। তার ভাষায়, ইনশাআল্লাহ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ ইরানের, ইসলামাবাদে পরোক্ষ আলোচনার ইঙ্গিত
বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই দেশকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম