মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার পর ব্যাপক সহিংসতা, হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে নতুন মাদারীপুর এলাকায় প্রতিপক্ষের অন্তত ৪০টি বসতবাড়িতে হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
স্থানীয়রা জানান, হামলাকারীরা অন্তত ২০টি বসতঘরে আগুন ধরিয়ে দেয় এবং আরও প্রায় ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক পরিবার নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নেয়।
এর আগে মঙ্গলবার সকাল সাতটার দিকে নতুন মাদারীপুর এলাকায় সাবেক পৌর কাউন্সিলর আখতার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডের জের ধরেই রাতে আলমগীর হাওলাদারের সমর্থকরা পাল্টা হামলা চালায়।
হামলাকারীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার ও হাসান মুন্সীর ঘরসহ অন্তত ২০টি বসতবাড়িতে আগুন দেয় এবং ভাঙচুর চালায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিসের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে হামলাকারীরা ইট ও গাছ ফেলে এলাকার প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল জোরদার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন মাদারীপুর এলাকায় মনিরুজ্জামান আক্তার হাওলাদার ও হাসান মুন্সীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এলাকায় উত্তেজনা আরও বাড়ে।
এর আগে ২০২৫ সালের ২৩ মার্চ শ্রমিক দলের কমিটি গঠন নিয়ে সংঘর্ষের সময় হাসান মুন্সীর ভাই ও সদর উপজেলা শ্রমিক দলের নেতা শাকিল মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়েছিল।
এদিকে আলমগীর হাওলাদার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ ব্যাপারী নামে একজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
পাকিস্তান সিরিজ দিয়ে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের
জ্বালানি সংকটে কমেছে দূরপাল্লার বাসের ট্রিপ, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা
থ্রেডস অব সেলিব্রেশন-ঈদে টুয়েলভের নকশায় নতুন উৎসবের সংজ্ঞা