ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এর আগে আজ বুধবার সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। এ সভায় নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।
বুধবার (১১ মার্চ) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন—এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে জানান, আজ বুধবার অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে নতুন স্পিকার নির্বাচনসহ অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। প্রচলিতভাবে এ দুটি পদে ক্ষমতাসীন দলের সদস্যরাই নির্বাচিত হয়ে থাকেন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী এই প্রস্তাব গ্রহণ করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আজ বিরোধী দলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।
বিএনপি সূত্রে আরও জানা গেছে, স্পিকার পদে দলের স্থায়ী কমিটির দুই সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের নাম নিয়েই বেশি আলোচনা চলছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি।
সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। সে অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ সময় ধরে চলে। তবে এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ইরান পুলিশের সতর্কতা: যারা বিক্ষোভ করবে তারা শত্রু হিসেবে বিবেচিত হবে
তেলের মজুত ছাড়ের আলোচনার মধ্যে হরমুজে মাইন পাতার খবর
কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চিফ হুইপ