বুধবার (১১ মার্চ) রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আয়োজিত রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে সরকারি দল বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ আহ্বান জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
তিনি বলেন, আসন্ন সংসদ অধিবেশন ঘিরে সারা দেশের মানুষের দৃষ্টি এখন জাতীয় সংসদের দিকে। তাই সরকারদলীয় এমপিরা যেন সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন এবং রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেন—এমন প্রত্যাশার কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, যদি এসব দাবি বাস্তবায়ন না হয়, তাহলে দলমত নির্বিশেষে সবাইকে যার যার অবস্থান থেকে সোচ্চার হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এগুলো শুধু তাদের দলের দাবি নয়; বরং নতুন বাংলাদেশের জনগণের দাবি।
তিনি আরও বলেন, আগামী সংসদকে কার্যকর ও প্রাণবন্ত দেখতে চান তারা। বিরোধী দলকে সংসদে কথা বলার সুযোগ দেওয়া এবং পূর্বের সব প্রতিশ্রুতি রক্ষা করারও আশা প্রকাশ করেন তিনি।
গোটা দেশে বিদ্রোহের সূচনা করা শহিদ আবু সাঈদের কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যতে রংপুর বিভাগের সঙ্গে কোনো ধরনের বৈষম্য করা হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম-২ আসনের এনসিপি সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর মহানগরীর সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগরীর সেক্রেটারি জেনারেল কে এম আনোয়ারুল ইসলাম কাজলসহ এগারো দলীয় জোটের রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছবে, হুঁশিয়ারি ইরানের
ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিচার শুরু