Wednesday, April 15th, 2026, 3:50 pm

যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম বাড়তে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্র ইরান-সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর আবারও নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নিচ্ছে। এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব পড়বে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।

তিনি জানান, সরকার ইতোমধ্যে এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সংকট দীর্ঘ হলে দামের কিছু সমন্বয় প্রয়োজন হতে পারে।

“দাম বাড়বেই—এমনটা নয়, তবে পরিস্থিতির ওপর নির্ভর করছে,” বলেন তিনি।

এ সময় তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিয়ে ভিন্নমুখী মন্তব্য করছেন। যদি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা হয়, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইস্টার্ন রিফাইনারি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটি মূলত ক্রুড অয়েল পরিশোধন করে পেট্রোল ও অকটেন উৎপাদন করে থাকে। সৌদি আরব থেকে এক লাখ টন তেলের একটি চালান আসতে না পারলেও মে মাসের শুরুতে নতুন চালান আসার কথা রয়েছে এবং এ বিষয়ে ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, সরকার পর্যাপ্ত পরিমাণে পরিশোধিত পেট্রোল ও অকটেন আমদানি করেছে, যাতে সম্ভাব্য সংকট মোকাবিলা করা যায়।

তবে তিনি স্বীকার করেন, সরবরাহে কিছুটা চাপ রয়েছে। “একেবারেই কোনো সমস্যা হবে না—এটা বলা যাবে না। তবে সরকার আগাম প্রস্তুতি নিয়েছে,” বলেন তিনি।

পাশাপাশি, তিনি অপ্রয়োজনীয় মজুত বা ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। “একই মোটরসাইকেল বারবার তেল নিচ্ছে—এ ধরনের ঘটনা সংকটকে আরও বাড়িয়ে দিতে পারে,” বলেন তিনি।

এনএনবাংলা/