Thursday, April 16th, 2026, 3:25 pm

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, শূন্যপদ পূরণে ধাপে ধাপে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, শূন্যপদ পূরণের লক্ষ্যে ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি পৃথক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ বাস্তবায়নের অংশ হিসেবে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ পরিস্থিতি এবং শূন্যপদের হালনাগাদ তথ্য পাঠাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের কাছে পত্র পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪ অনুযায়ী, সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে মোট শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

এর মধ্যে ১ম থেকে ৯ম গ্রেডে রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি, ১০ম থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি শূন্যপদ রয়েছে। এছাড়া অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক বিভিন্ন শ্রেণিতে আরও ৮ হাজার ১৩৬টি পদ শূন্য রয়েছে।

এদিকে আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত চালাচ্ছে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাবনা-৫ আসনের সরকারি দলের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে, ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করেছে।

এনএনবাংলা/পিএইচ