এস আলম গ্রুপের সঙ্গে সরকারের কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে কারও সঙ্গে আপস করার সুযোগ নেই এবং যারা ব্যাংক থেকে অর্থ নিয়ে পালিয়েছে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের এনসিপির সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
প্রশ্নোত্তরে হাসনাত আবদুল্লাহ জানান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খেলাপি ঋণের পরিমাণ ৯২ হাজার ১১৫ কোটি টাকা, যার মধ্যে এস আলম গ্রুপের একক দায় প্রায় ৮০ হাজার কোটি টাকা। এছাড়া জনতা ব্যাংক থেকে নেওয়া প্রায় ২৫ হাজার কোটি টাকাও খেলাপি অবস্থায় রয়েছে। তিনি জানতে চান, এই বিপুল ঋণ পুনরুদ্ধারে সরকারের কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা এবং এস আলম গ্রুপকে পুনর্বহালের বিষয়ে কোনো সমঝোতা হয়েছে কিনা।
জবাবে অর্থমন্ত্রী বলেন, বিএনপির অতীত শাসনামল বিশ্লেষণ করলে দেখা যাবে অর্থনৈতিক শৃঙ্খলা, ম্যাক্রো-ইকোনমিক স্থিতিশীলতা বা শেয়ারবাজারে অনিয়ম নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই।
পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী জানান, একদিকে সরকার-টু-সরকার (জি-টু-জি) পর্যায়ে কাজ চলছে, অন্যদিকে বেসরকারি রিকভারি ফার্মও নিয়োজিত রয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া জোরদার করা হয়েছে।
এছাড়া এস আলম ও বেক্সিমকো গ্রুপের অর্থ পাচার সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধভাবে বিদেশে পাচারকৃত সম্পদ উদ্ধারে ইতোমধ্যে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এস আলম গ্রুপের ক্ষেত্রে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাস, জার্সি ও সিঙ্গাপুরে এবং বেক্সিমকো গ্রুপের ক্ষেত্রে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকোয়েস্ট (MLAR) পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এই দুটি গ্রুপের পাচারকৃত অর্থ ফেরাতে ফৌজদারি কার্যক্রমের পাশাপাশি দেওয়ানি প্রক্রিয়াও অনুসরণ করা হচ্ছে। বিদেশে সম্পদ অনুসন্ধানে চারটি স্বনামধন্য আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
ট্রাম্পের পোস্টেই কমছে, বাড়ছে, দুলছে তেলের বাজার
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যের ১৮ দেশে পোশাক রপ্তানি বন্ধ