Saturday, April 25th, 2026, 1:35 pm

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

 

প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার সবসময়ই দেশ ও জনগণের স্বার্থে একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে আগ্রহী ছিল। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করে আসছিল, আর বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন।

তিনি উল্লেখ করেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করার আহ্বান জানান তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/পিএইচ