বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতা ও চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। তবে তেহরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তারা কোনো সরাসরি বৈঠকে বসবে না।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জারেড কুশনার শনিবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হন। তাদের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সফরে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই সফরের প্রধান লক্ষ্য হলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতার পথ খোঁজা।
এর আগেই শুক্রবার ইসলামাবাদে পৌঁছান আব্বাস আরাগচি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই। বরং তেহরান তাদের অবস্থান ও প্রস্তাব মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেবে।
এই কূটনৈতিক টানাপোড়েনের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বেড়েছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে তেলের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। টানা প্রায় নয় সপ্তাহ ধরে চলা এই পরিস্থিতি বৈশ্বিক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার শঙ্কা বাড়িয়ে তুলেছে।
এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানের সামনে এখনো একটি কার্যকর চুক্তির সুযোগ রয়েছে, তবে এর জন্য তাদের যাচাইযোগ্যভাবে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের ঘোষণা দিতে হবে।
অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্সকে জানিয়েছেন, ইরান একটি নতুন প্রস্তাব প্রস্তুত করছে বলে ধারণা করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে ইসলামাবাদে অনুষ্ঠিত পূর্ববর্তী বৈঠকটি কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল। নতুন করে শুরু হওয়া এই কূটনৈতিক উদ্যোগ শেষ পর্যন্ত বৈশ্বিক অর্থনীতিতে স্বস্তি আনতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।সূত্র: রয়টার্স
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই দেশকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম
নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী