Sunday, April 19th, 2026, 1:28 pm

ইসরায়েলকে মানুষ পছন্দ করুক না করুক, তারা জানে কীভাবে জিততে হয় : ডোনাল্ড ট্রাম্প

 

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটিকে সাহসী, নির্ভীক, অনুগত ও বুদ্ধিমান বলেও অভিহিত করেছেন।

রোববার (১৯ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইসরায়েল সম্পর্কে এ মন্তব্য করেন ট্রাম্প। সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনের গাজা ও লেবাননে অসংখ্য যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। এছাড়া বিনা উস্কানিতে ইরানে হামলা চালানোর ঘটনাও আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার জন্ম দিয়েছে।

এসব ঘটনার প্রেক্ষিতে ইউরোপের বেশ কয়েকটি দেশ ইসরায়েলের প্রতি তাদের অবস্থান পরিবর্তন করতে শুরু করেছে। সর্বশেষ ইতালি ইসরায়েলের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে। একই সঙ্গে স্পেনও ইসরায়েলে কোনো ধরনের মারণাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই ট্রাম্প তার পোস্টে বলেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যে যুক্তরাষ্ট্রের অত্যন্ত নির্ভরযোগ্য মিত্র—তা প্রমাণ করেছে। তিনি আরও লেখেন, ইসরায়েল সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ; যুদ্ধের কঠিন সময়ে যখন অনেকেই পিছিয়ে গেছে এবং নিজেদের প্রকৃত অবস্থান দেখিয়েছে, তখন ইসরায়েল উল্টো দৃঢ় অবস্থান নিয়েছে। তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করার মানসিকতা রয়েছে এবং তারা জানে কীভাবে বিজয় অর্জন করতে হয়।

এই পোস্টের মাধ্যমে ট্রাম্প মূলত ইউরোপীয় দেশগুলোর প্রতিই ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ ইউরোপের অনেক দেশ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এনএনবাংলা/পিএইচ